ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মাদ্রাসা শিক্ষক আটক
প্রকাশ: ২০১৬-০৬-১৯ ২১:২২:৩৭
রংপুরের পীরগাছা উপজেলায় ছাত্রীকে চিপস খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসার বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এক শিক্ষক।
রোববার দুপুরের এ ঘটনায় উপজেলার দেউতি দারুল হুদা তালিমুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক মাহফুজার রহমানকে আটক করা হয়। তিনি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মফিজুল ইসলামের ছেলে।
জানা যায়, পীরগাছার দেউতি দারুল হুদা তালিমুল কুরআন মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক রোববার দুপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে চিপস খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসার বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে মাদ্রাসা ক্যাম্পাসে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন কৌতূহলী হয়ে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে ঘটনাটি তাদের বলে দেয়।
ওই ছাত্রী জানায়, শিক্ষক মাহফুজার রহমান তাকে ও তার এক সহপাঠীকে প্রায়ই ছুটির পরে যৌন হয়রানি করেন।
এতে বিক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী। তারা বিক্ষোভ মিছিল করে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় তারা ওই শিক্ষককে একটি কক্ষে আটক করে রাখেন।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকাবাসী ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













