ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
প্রকাশ: ২০১৬-০৬-২১ ১১:০২:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সাত্তার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কুনাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত আবদুস সাত্তার রসুলপুর গ্রামের রিফিউজিপাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশের দাবি, সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সরাইল ও কুলাউড়া থানায় সাতটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের সময় সরাইল থানার এসআই রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবদুস সাত্তারকে সোমবার বিকালে রসুলপুর গ্রামের রিফিউজিপাড়া থেকে গ্রেফতার করা হয়।
রাতে তাকে নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের কুনাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সাত্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে সাত্তারের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













