জমি দখলকে কেন্দ্র করে মহিলাসহ ৮ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত
প্রকাশ: ২০১৬-০৬-২৫ ১৮:৩৩:০৩
বিরোধপূর্ণ জায়গার দখলকে কেন্দ্র বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্যর নেতৃত্বে প্রতিপক্ষের মহিলাসহ লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে ৮ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম ও অন্যদের উপজেলা হাসাপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আ. ওহাব সরদারের ছেলে সিদ্দিক সরদার প্রায় দু’বছর পূর্বে পার্শ্ববর্তী বাড়ির ইয়াকুব আলী কাজীর কাছ থেকে ৫ শতক জায়গা ক্রয় করেন।
একই বাড়ির সাহেব আলী সরদারের ছেলে মোসলেম সরদার ওই জায়গা তার দাবি করে গতকাল শনিবার সকালে দখল করতে যায়।
এ সময় ইউপি সদস্য রিপন সরদারের নেতৃত্বে মোসলেম সরদার, সোহরাব সরদার গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হামলা চালিয়ে দিয়ে আবু তালেব, আবু বকর, সিদ্দিক সরদার, রাহাতুন বেগম, সোহেদা বেগম, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন ঘরামীসহ ৮ জনকে আহত করে।
গুরুতর আহত আবু তালেব সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং অন্য আহতদরে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আবু বকর সরদার বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১০ (২৫-০৬-২০১৬)।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













