শিশুকন্যাকে হত্যার অভিযোগে মা আটক!
প্রকাশ: ২০১৬-০৬-২৬ ১৯:৫৭:১১
লক্ষ্মীপুরে রাইসা নামের ১০ মাসের এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মা ইয়াছমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছমিন আক্তারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শিশু রাইসা ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে।
রোববার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, আবুল খায়েরের স্ত্রী ইয়াছমিন আক্তার দীর্ঘদিন ধরে পরকিয়ায় আসক্ত। এ নিয়ে স্বামী আবুল খায়ের সঙ্গে প্রায় তার ঝগড়া-বিবাদ লেগে থাকত।
এর জের ধরে শনিবার রাতের কোন এক সময় ইয়াছমিন আক্তার তার শিশুকন্যা রাইসাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে দেয় বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
ভোররাতে মেয়েকে খুজেঁ পাওয়া যাচ্ছে না বলে চিৎকার করতে থাকেন ইয়াছমিন আক্তার। এসময় আশপাশের লোকজন জড়ো হয়। পরে বাড়ির পুকুর থেকে শিশু রাইসার লাশ উদ্ধার করা হয়।
এ নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা ইয়াছমিন আক্তারকে পিটুনি দিয়ে গাছের সাথে বেধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশুকন্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত মা ইয়াছমিন আক্তারকে থানায় নিয়ে যায়।
নিহতের দাদি কোরফুলী বেগম ও বাবা আবুল খায়ের দাবি, শিশু রাইসাকে মা ইয়াছমিন আক্তার নিজে শ্বাসরোধ করে হত্যা করেছে।
তবে অভিযুক্ত আটক মা ইয়াছমিন আক্তার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘরের দু-পাশের দরজা খোলা ছিল। অন্য কেউ রাইসা আক্তারকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মা ইয়াছমিন আক্তারকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













