যেন তিল ঠাই নেই

প্রকাশ: ২০১৬-০৬-৩০ ১৬:৪০:২৮


khulna-marketঅভিজাত বিপনীবিতান থেকে শুরু করে ফুটপাত। সবখানেই ক্রেতার সরগম উপস্থিতি। চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটার ধুম। সব বয়সী ক্রেতার পদচারণায় পুরো খুলনাই এখন যেন ঈদ বাজার!

ক্রেতাদের চাপে বাজারে পা ফেলার জায়গা নেই। এদিকে রোজার শেষ দিকে বেচাকেনা জমে ওঠায় দারুণ খুশি ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার নগরীর নিউ মার্কেট, খুলনা শপিং কমপ্লেক্স, রেলওয়ে মার্কেট, শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, হ্যানিম্যান মার্কেট, খুলনা বিপণি বিতান, আলো সুপার মার্কেট, জলিল টাওয়ার, এশা চেম্বার, মালেক চেম্বার, আখতার চেম্বার, মিনা বাজার, সেফ অ্যান্ড সেভ, আড়ং, খান টাওয়ারসহ বিভিন্ন বিপণি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভিড়। শুধু দেখছেন না, কিনছেনও প্রায় সবাই।

বাজারমুখী মানুষের ভিড়ে সকাল ১০টার পর থেকেই নগরীর ডাকবাংলো মোড়, পাওয়ার হাউজ মোড়, নিউ মার্কেট চত্বর এবং শান্তিধাম মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

নগরীর নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা গৃহিনী ফারজানা নাজ জানান,  বাচ্চাদের কেনাকাটা শেষে এখন পরিবারের অন্যদের কেনাকাটা করতে মার্কেটে আসা। তার অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা ভালো না থাকায় খুলনায়ও ঢাকার মতো যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, কয়েকদিন বৃষ্টি হওয়ায় তারা রীতিমতো আতঙ্কে ছিলেন। তবে ধীরে ধীরে আতঙ্ক কেটে গেছে। দুই দিন ধরে ক্রেতাদের উপস্থিতি ব্যাপকহারে বেড়েছে।

তারা জানান, এবার তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বাজিরাও মাস্তানি নামক পোশাক। ডবল পার্টের কামিজ ও ঘাগরায় বেলবটম, তসর, কোলাপুড়ি, সাটিন, সিল্ক, নেট, খাদির বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে এ পোশাকে। ডবল পার্টের কামিজের ক্ষেত্রে কোমর পর্যন্ত টপসের ওপরে নেট, জর্জেট বা সিল্কের লম্বা কামিজ রয়েছে। নানা রংয়ের ঝলমলে ভারতীয় এই পোশাকটি কিনছেন বেশি তরুণীরা।

বাজিরাও মাস্তানি কিনতে আসা সিটি কলেজের শিক্ষার্থী রুমা বলেন, এবারের ঈদ বাজারে মেয়েদের পোশাক হিসেবে মার্কেট মাতাচ্ছে ফ্যাশনেবল বাজিরাও মাস্তানি। তবে দাম বেশি বলে অভিযোগ তার।

নিউ মার্কেটের ওমেনস্ সিটির আউটলেট ইনচার্জ পলাশ মণ্ডল বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ভারতীয় পোশাক তরুণীদর পছন্দের শীর্ষে রয়েছে। গত কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে ভারতীয় সিরিয়াল ও সিনেমার নায়িকাদের নামে ড্রেস বের হওয়ার যে হিড়িক শুরু হয়েছে এবার সেই ধারাবাহিকতা রক্ষা করতে এসেছে ‘বাজিরাও মাস্তানি’। যা এখন খুলনার বেশিরভাগ শপিংমলেই পাওয়া যাচ্ছে।

নিউ ফ্যাশনের মালিক আব্দুল্লাহ জানান, এবারের ঈদে বাজিরাও মাস্তানি ছাড়াও ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নাম করণের পোশাক কিনছেন তরুণীরা। এছাড়া তরুণরা পছন্দের মধ্যে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, ফতুয়া কিনছেন। আর নারীরা কিনছেন থ্রি পিচ, শাড়ি।

সানবিডি/ঢাকা/জেএইচ/এসএস