প্রকাশ্যে ছাত্রীর শ্লীলতাহানি: ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

প্রকাশ: ২০১৬-০৭-০১ ১৯:৩২:৫৭


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় বখাটেদের শ্লীলতাহানির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের। ইউএনও’র আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি।

শ্লীলতাহানির শিকার ছাত্রির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের মজিদ ফকিরের মেয়ে ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারকে স্থানীয় মোতালেব হাওলাদারের ছেলে বখাটে লোকমান ও সোনামদ্দিন ফকিরের ছেলে সুরুজ্জামান স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে যৌণ নিপীড়নসহ কুপ্রস্তাব দিত।

তাদের প্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় শুক্রবার সকালে লামিয়া স্কুল থেকে প্রাইভেট পরে বাড়ি ফেরার পথে লোকমান ও সুরুজ্জামান প্রকাশ্যে লামিয়ার শ্লীলতাহানি ঘটায়। ঘটনার পর স্থানীয় জসীম ফকির লোকমানকে তার বাড়িতে নিয়ে বিচারের নামে প্রহসন করে দু’একটি চড়-থাপ্পর দিয়ে ছেড়ে দেয়।

এঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কারণ স্কুল চলাকালীন সময় স্কুল ক্যাম্পাসে ও গেটে বহিরাগত ও বখাটেদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় রায়। ওই ঘটনায় শুক্রবার দুপুরে ছাত্রীর বাবা মজিদ ফকির উল্লেখিত দু’জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’ অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ধরণের ঘটনায় আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো