দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ধামরাইয়ে নিহত ১
প্রকাশ: ২০১৬-০৭-০১ ২০:০৫:৩২
ঢাকা-আরিচা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -জ-১৪-১০৭৬) ও মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-১১-০১৬৬) জয়পুরা পাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনে দুমড়ে মুচড়ে যায়। এ সময় উভয় বাসের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শুভযাত্রা পরিবহনের চালক ইলিয়াস আলী মারা যান।
নিহত ইলিয়াস রাজবাড়ী জেলার পাংশার সবুর মিয়ার ছেলে।
দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা ও ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন ধামরাইয়ের বালিথা গ্রামের আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, উপজেলার আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কর্মচারী ইকুরিয়া গ্রামে জিল্লুর রহমান (৫৫), মানিকগঞ্জের দৌলতপুরের ধামশা গ্রামের কামাল উদ্দিন (৪৫) ও আয়শা বেগম (১৪), মানিকগঞ্জের বাদশা মিয়া, গোয়ালন্দের জুলেখা বেগম (৩০), ঝিটকার জাহাঙ্গীর আলম (৪৫), রাজবাড়ীর জিয়াউর রহমান (৪৫), সাতক্ষীরার মো. সুমন (৩৫), ধামরাইয়ের ঘোড়া কান্দার আলমগীর (২৫), মানিকগঞ্জের নাছিমা (৩৫), ঘিওরের স্মৃতি (২২), রাশেদ (৪৫), তাসলিমা (৪০), তামিম (৪), নিরব (৩), রাব্বী (১৫), হাওয়া (২৫), সাবিনা (২০), আলী হোসেন (৩৫), আফসানা (৩০), জুলেখা (৩০), নুরহাজান বেগম (২৫), বাতাসী বেগম (১৫), মমতাজ (৪০), ইতি (৩৫) প্রমুখ। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপর এক ঘণ্টা চেষ্টা করে পুলিশ ও র্যাব সদস্যরা মহাসড়ক থেকে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শুভযাত্রা পরিবহনের আহত যাত্রী আলী হোসেন জানান, চালক ইলিয়াস তাদের বাসটি চালানোর সময় বারবারই ঘুমিয়ে পড়ছিলেন।
ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক জানান, আহতের একজন নিহত হয়েছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













