মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-১২-০৯ ১৪:৪৪:০০
মুন্সিগঞ্জে রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার সদর উপজেলা সংলগ্ন থানা কাউন্সিল মোড়ের একটি ভবনের পাঁচতলা ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধরা হলেন পরিবারের রোজিনা বেগম, রিজভি আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও তিন বছরের শিশু রায়ান। তারা একই পরিবারের এবং ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













