কাপাসিয়া থানাকে ধ্বংসের হুমকি

প্রকাশ: ২০১৬-০৭-১২ ২১:৪১:৫৮


কাপাসিয়াগাজীপুরের কাপাসিয়া উপজেলা ও কাপাসিয়া থানা ধ্বংসের সতর্কবার্তা দিয়ে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন কাপাসিয়া। ডাকযোগে পাঠানো ওই চিঠি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের কাছে পৌঁছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে। প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে উপজেলার পাবুর গ্রামের জঙ্গি সংগঠনের নামে।

ওই চিঠিতে বলা হয় ‘বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়া, গাজীপুর। বিষয়- জঙ্গি সতর্কবার্তা। একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে। কেহ আমাদেরকে দাবাইতে পারবে না। ওসি কাপাসিয়াসহ ধ্বংস হবে। সতর্কবার্তা দিলাম। উপরের নির্দেশ দেওয়া হইয়াছে আমাদেরকে। বিনীত নিবেদক- জঙ্গি সংগঠন কাপাসিয়া। গাজীপুর জেলাও ধ্বংস হবে।’

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি সিদ্দিক জানান, এ ঘটনায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, থানাসহ বিশেষ বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো