গুলশান হামলায় আইবিএফবি’র নিন্দা
আপডেট: ২০১৬-০৭-১৪ ২১:০৯:৫৫
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নিরপরাধ ও নিরস্ত্র দেশি বিদেশি নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এ ঘটনাকে ভয়ানক, লোমহর্ষক ও অমানবিক উল্লেখ বিবৃতিতে বলা হয়, দেশের অভ্যন্তরে এ ধরণের একটি ঘৃণ্য ও বর্বরোচিত সন্ত্রাসী হামলাকে আইবিএফবি তীব্র নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ২০ জন নিরপরাধ মানুষের মৃত্যুতে আইবিএফবি গভীর শোক প্রকাশ করছে এবং তাদের বিদেহী আত্মা যেন চিরশান্তিতে থাকতে পারে তার জন্য আকূল প্রার্থনা করছে।
আইবিএফবি সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এদেশের অভ্যন্তরে নিরপরাধ মানুষদের উপর চালানো এ ধরণের একটি কাণ্ডজ্ঞানহীন ও ঘৃণ্য আক্রমণ নিঃসন্দেহে একটি সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড এবং এটি পৃথিবীর সকল ধর্মের মূল চেতনার পরিপন্থী।
এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড আমাদের দেশে বিনিয়োগ পরিবেশ, বিশেষতঃ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), পর্যটন শিল্প, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আইবিএফবি মনে করে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














