খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা: রিমান্ড শেষে কারাগারে যুবক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৬ ১৬:০৪:৫৬
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার সুজন নামের এক যুবককে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রিমান্ড শেষে আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা।
এর আগে ২৪ ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাজধানীর ভাটারায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে ভাটারা থানা পুলিশ।
পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













