জামালপুরে শিংওয়ালা মানুষ!
প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৯:২৫:২৫
জামালপুরে শতবর্ষী আয়াত আলী নামে এক শিংওয়ালা মানুষের সন্ধান পাওয়া গেছে। মাথায় শিং গজানো মানুষটিকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছে উৎসুক জনতা।
খোঁজ নিয়ে জানা গেছে, শিং গজানো মানুষ আয়াত আলী সেখের বাড়ি জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সাইফুল্লাহ সেখের ছেলে। গত ১৪ জুলাই দুপুরে আয়াত আলী প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন জামালপুর সদর হাসপাতালে। হাসপাতালের তৃতীয় তলার ৬নং ওয়ার্ডের সার্জিক্যাল বিভাগে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের সিনিয়র সার্জিক্যাল ডাক্তার মো. আব্দুল আজিজ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আয়াত আলী সেখ সেফাসিয়াস হর্ন রোগে ভুগছেন। এটি কোনো জটিল রোগ নয়। অপারেশন করলেই তিনি ভালো হয়ে যাবেন।
আয়াত আলী সেখ জানান, প্রায় দেড় বছর আগে তার মাথায় প্রথমে একটি ফোঁড়া বের হয়। এরপর সেটি বড় হতে থাকে। বর্তমানে এটি শিং-এর মতো দেখতে। ইতিমধ্যে এই শিং-এর উচ্চতা সোয়া ৪ ইঞ্চি।
জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোশায়ের-উল-ইসলাম রতন জানান, আগামী দু-এক দিনের মধ্যে তার অপারেশন করা হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













