নৌকার প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৭ ১৬:৪৯:২২


আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ জলদী আশকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণে বাধা দেয়ার অভিযোগে কাউন্সিলর আবদুল গফুরকে আটক করে পুলিশ। এ ঘটনায় এমপি মোস্তাফিজ থানায় যান। ওসির কক্ষে গিয়ে তিনি জানতে চান, আমার লোক কী অন্যায় করছে? ধরে আনছেন কেন?

জবাবে ওসি বলেন, এনে বসিয়ে রাখছি। তখন ওসিকে ‘এই থাম’ বলে এমপি মোস্তাফিজ চেয়ার ছেড়ে উঠে এ ঘটনার ভিডিও করতে থাকা এক পুলিশ সদস্যের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এমপির অনুসারীরা তাকে নিবৃত্ত দেন।

জানতে চাইলে ওসি তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আবদুল গফুর জাল ভোট দেয়ার সময় পুলিশ বাধা দেয়। ভোট দিতে না পেরে তিনি ভোটকেন্দ্র বন্ধ করে দেয়ার চেষ্টা করায় ভোটদানে বাধা ও পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এম জি