সৌদি সরকারের সঙ্গে চুক্তি
হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-০৮ ২২:২৫:১২
রাজকীয় সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১১টায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এবছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।
চুক্তি সই অনুষ্ঠানে সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত ও অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম, পরিচালক (হজ অফিস) সাইফুল ইসলাম, কাউন্সেলর (হজ) জেদ্দা জহিরুল ইসলাম, কনসাল (হজ) জেদ্দা আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে সুষ্ঠু ও সুশঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে ও বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় এবং হজযাত্রীদের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাশেষে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়।
হজ এজেন্সির সংখ্যা না কমিয়ে অন্যান্য বছরের মতো সব এজেন্সিকে রেখে হজ কার্যক্রম পরিচালনার জন্য সৌদি উপমন্ত্রীকে অনুরোধ করেন হাব সভাপতি। উপমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
এছাড়া, হজযাত্রীদের লাগেজ পরিবহন ও ব্যবস্থাপনার উন্নয়ন, মিনা আরাফায় তাঁবু ব্যবস্থাপনার উন্নয়ন ও হজের ১০দিন আগে এজেন্সিকে তাঁবু বুঝিয়ে দেওয়ার বিষয়েও হাব সভাপতি অনুরোধ করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














