হাসিমুখে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে পিটার হাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১১ ১৮:৫১:২৫


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ না মানলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গভবনে উপস্থিত হন তিনি। এরপর অন্যান্য অতিথিদের সঙ্গে তিনি বঙ্গভবনের দরবার হলে আসন গ্রহণ করেন তিনি।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা।

এএ