প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার নিয়োগ অবসান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১১ ২০:৫৭:৫৪


প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সালমান ফজলুর রহমান এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের নিয়োগের অবসান হয়েছে।

তাদের নিয়োগের অবসানের বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং সালমান ফজলুর রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(৩) অনুযায়ী আজ দুই উপদেষ্টার নিয়োগের অবসান করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(৩) অনুযায়ী আজ অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের নিয়োগের অবসান করেছেন বলে আদেশে জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী বঙ্গভবনের শপথ নেন। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

এএ