ফের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১১ ২১:০৩:৫৩
নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসন থেকে রেকর্ড ব্যবধানে বিজয়ী হওয়া সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনের ১৬৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে সাধন চন্দ্র মজুমদার পান ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পান ৭৫ হাজার ৭২১ ভোট। এ আসনের মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৫১। পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২৭; নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ১২১ ও হিজড়া ভোটার তিনজন।
সাধন চন্দ্র মজুমদারের পৈতৃক বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম কামিনী কুমার মজুমদার ও মায়ের নাম সাবিত্রী বালা মজুমদার। নয় ভাই-বোনের মধ্যে সাধন চন্দ্র মজুমদার অষ্টম। ষষ্ঠ শ্রেণিতে থাকাকালে তিনি পিতাকে হারান।
তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং চৌমুহনী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি পাস করেন। তিনি নওগাঁ ডিগ্রি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। চৌমুহনী কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালে ছাত্রলীগে যোগ দেন।
পেশায় কৃষি ও ব্যবসায়ী সাধন চন্দ্র মজুমদার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
চৌমুহনী কলেজে অধ্যায়নরত অবস্থায় ১৯৬৭ সালে ছাত্রলীগে যোগ দেন। ১৯৮৪ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য, দুইবার প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দীর্ঘ দিন যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সাধন চন্দ্র মজুমদার ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে অংশ নেন তবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছালেক চৌধুরীর কাছে পরাজিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে বিরোধীদলসমূহ নির্বাচন বয়কট করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি নওগাঁ-১ থেকে তৃতীয়বারের মত সংসদ-সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারি ২০১৯ থেকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন।
সাধন চন্দ্র মজুমদার ১৯৭৪ সালে চন্দনা রাণী মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চন্দনা রানী মজুমদার একজন স্কুল শিক্ষিকা ছিলেন। ১৯৯৩ সালের ২৫শে সেপ্টেম্বর তার স্ত্রী মারা যান। তিনি চার কন্যা সন্তানের জনক।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














