স্মার্ট বস্ত্র ও পাট খাত গড়ে তোলা হবে : নানক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১২ ১৮:১২:৩২
স্মার্ট বস্ত্র ও পাটখাত গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন নতুন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অঙ্গিকার করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১-কে সমানে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নে কাজ করতে হবে।
তিনি বলেন, স্মার্ট বস্ত্র ও পাটখাত তৈরিতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করা হবে। এই খাতে দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর এই সদস্য। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। এর আগে, ২০০৯ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














