পরাজিত প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-১৪ ১৩:০২:১৩


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে শাহিদুজ্জামান পলাশ ওজি (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ৮নং ওয়ার্ড নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তার মাথায় ভারী কোনও জিনিসের আঘাতের চিহ্ন রয়েছে। শাহিদুজ্জামান পলাশ ওজি ওই গ্রামের জামাল হোসেনের ছেলে। এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন। এরই মধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছেন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন।

তার ফেসবুক আইডি দেখে নির্বাচনে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সবশেষ মৃত্যুর কিছুক্ষণ আগেও ‘অল মানিক ভাই’ লিখে একটি পোস্ট করেছিলেন পলাশ। তবে এ হত্যাকাণ্ড নির্বাচনি সহিংসতা নাকি অন্যকোনও ইস্যুতে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ বা স্থানীয় লোকজন।  সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে জানা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছিল।

এনজে