ডলার সংকট কাটাতে বিদেশি অর্থায়নের প্রকল্পে জোর দেব: পরিকল্পনামন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৪ ১৯:৫১:৪৮
দায়িত্ব নিয়েই বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোতে বেশি জোর দেয়া হবে হবে বলে জানিয়েছেন নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি বলেন, ডলার সংকটের এ মুহূর্তে পাইপলাইনে অনেক প্রকল্প রয়েছে। বিদেশি ঋণের প্রকল্পগুলোতে আমি জোর দিতে আগ্রহী। কারণ টাকা আসা দরকার, প্রকল্পগুলো যাতে বিলম্বিত না হয়।
রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সবাই চায় প্রকল্প বিলম্ব হোক। আমি চাচ্ছি সেটা না হোক। যত বেশি বাস্তবায়ন হবে, যত দ্রুত বাস্তবায়ন হবে- পাইপলাইনের টাকা তত বেশি ছাড় হবে।
নতুন দায়িত্ব পাওয়া পরিকল্পনামন্ত্রী বলেন, আমি খুব বেশি গ্রামীণ অবকাঠামোতে জোর দিতে চাই। গ্রামীণ যোগাযোগ আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাইরের বিনিয়োগ হলেও আমরা সেটা অর্জন করার চেষ্টা করব। গ্রামীণ যোগাযোগ ব্যাপক আকারে নেয়ার চেষ্টা করব।
আব্দুস সালাম বলেন, স্বাস্থ্যখাতে অনেক অভাব ও অনিয়ম রয়েছে। এসবের বেশিরভাগই সমাধানযোগ্য। ডাক্তাররা এলাকায় থাকতে হয়, তারা যদি রোগী না দেখেন তাহলে কিভাবে হয়?
তিনি বলেন, আজকে প্রথম দিনে এসেছি। পরিকল্পনা কমিশনের সদস্যদের কথা শুনেছি। একটা প্রাথমিক ব্রিফিংয়ের মতো হয়েছে। এই মন্ত্রণালয়ের অর্নানোগ্রাম সম্পর্কে জানতে দেখতে হবে। বিভিন্ন বিভাগের সঙ্গে আলাদা করে কথা বললে বিস্তারিত জানতে পারব। ফলে এ নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না।
বিদেশি অর্থায়নের প্রকল্পে অগ্রাধিকার থাকবে জানিয়েয়ে নতুন এ মন্ত্রী বলেন, বিদেশি অর্থায়নের প্রকল্পে জোর দিতে আমি আগ্রহী হবো। কারণ টাকা আসা দরকার এবং সেগুলো যাতে বিলম্ব না হয়। কারণ কথা বলে বুঝলাম যে কোনো কারণেই হোক প্রকল্পে বিলম্ব হয়। যাই হোক, আমি চাচ্ছি সেটা না হোক। যত বেশি ও দ্রুত বাস্তবায়ন হবে, তত দ্রুত পাইপলাইনে টাকাগুলো আমাদের কাছে আসবে। বিশেষ করে বিদেশি অর্থায়নগুলো আসবে। সে হিসেবে আমি এটিকে অগ্রাধিকার বলে মনে করি।
সব বাধা সরানোর প্রত্যয় ব্যক্ত করে আব্দুস সালাম বলেন, আমি দেখতে চাই প্রকল্প বাস্তবায়নে বাধাটা কোথায়। সে বাধা আমি সরিয়ে দেব। এটা বিশ্বাস রাখেন। বাধা হতে দিব না আমি। এখানে কোনো ছাড় নাই। আপশ করার কোনো সুযোগ নাই। বাধা সরানোর জন্য। আমি আসছি, সে কাজটি করব। সে যে পর্যায়েই হোক। এটা আপনারা নিশ্চিত থাকেন।
তিনি বলেন, দুটো বিষয় আলাপ করেছি তাদের সঙ্গে। এক, আমাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা (কানেকটিভিটি) খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত কতটা গুরুত্ব দিয়েছি সেটা আমি জানি না, কথা বলতে চাই না। তবে আমি গুরুত্ব দিতে চাইব। যারা এ সমস্ত প্রকল্পে অর্থায়ন পাওয়া কঠিন হলেও আমি সেটা পেতে চেষ্টা করব। বিশেষ বড় করে ব্যাপক আকারে সেটা আমি নিতে চাইব। যাতে গ্রাম থেকে পাকা সড়কে শহরে আসতে পারে। পণ্য পরিবহন করতে পারে। যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে।
স্বাস্থ্যসেবার প্রকল্পে অগ্রাধিকার থাকবে জানিয়ে তিনি বলেন, আমি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশেষ জোর দিতে চাইব। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি গতকাল মন্ত্রীপরিষদ সভায় কথাগুলো বলেছেন। স্বাস্থ্যখাতে অনেক ধরনের অভাব ও অভিযোগ রয়েছে। এর বেশিরভাগই সমাধানযোগ্য যদি আমরা সেটা সমাধান করতে ইচ্ছা করি, চেষ্টা করি।
তার মতে, প্রধানমন্ত্রী বিশ্বাস করে এ দায়িত্ব দিয়েছেন, আমি এটা পালনের চেষ্টা করব। আমি বলছি না আমার অনেক অভিজ্ঞতা আছে। সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাকে একটু সময় দেন, আশা করব ভালো করব।
দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেব না। আমার যে ভূমিকা আছে, সেটা আমি নিশ্চিত করব। সেখানে কোনো কার্পন্য হবে না। এটা আমি বলতে পারি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














