ইসরায়েলি হামলায় গাজায় নিহত প্রায় ২৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-১৫ ০৯:৫০:১৭
ইসরায়েল-হামাস চলমান সংঘাতের মধ্যে এবার গাজার পাশাপাশি পশ্চিম তীরেও বাড়ছে উত্তেজনা। আজ রোববার (১৪ নভেম্বর) সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশনের ওয়াসেল আবু ইউসেফ জানিয়েছেন, পশ্চিম তীরের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে।
এদিকে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। যত দিন যাচ্ছে প্রায় প্রতিদিনই শত শত মানুষ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হচ্ছে, দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় ১০০ দিনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৫৮২ জন। এদিকে গাজায় ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল। সংস্থাটি জানিয়েছে, সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করতে গিয়ে তাদের দুই কর্মী নিহত হয়েছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














