পাবনায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১৩:৪৭:৪০


পাবনার ঈশ্বরদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫) ও পাবনা পৌর এলাকার রাধানগরের সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।

এলাকাবাসীর  সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস এন পরিবহনের বাসটি দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ ঘটতে পারে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অশিষ কুমার স্যানাল জানান, বাস ও মাইক্রোটি পুলিশ হেফাজতে রয়েছে, বাসচালক ও সহকারী পালিয়ে গেছে।

তিনি আরো জানান, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এমজি