ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ১৪২ ফিলিস্তিনি নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১৪:১২:০৬
হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় স্থল-সমুদ্র ও আকাশ থেকে পরিচালিত ইসরাইলের অভিযানে ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি)কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলের মধ্যে গাজায় পরিচালিত ইসরাইলি হামলায় আরো ১৪২ ফিলিস্তিনি নিহত এবং ২৭৮ জন আহত হয়েছে। জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার বর্তমান পরিস্থিতিকে ‘অমানবিক জীবনযাত্রা’ হিসেবে বর্ণনা করেছে।
তারা বলেছে, হেপাটাইটিস এ-এর নিশ্চিত কেসসহ রোগের বিস্তারের মধ্যেও ফিলিস্তিনি ছিটমহলে খাবার পানির প্রাপ্যতা ‘প্রতিদিন সঙ্কুচিত’ হচ্ছে।
ইউএনওসিএইচএ আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের দক্ষিণে আজ-জাহরাতে ইসরা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন যে- হামাসের সাথে ইসরাইলের যুদ্ধের পরবর্তীতে যেকোনো বন্দোবস্তের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ওয়াশিংটনের দীর্ঘকালীন সমর্থনের তিনি বিরোধিতা করেন।
হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি ইসরাইলি নেতার এই বিবৃতিকে নাকচ করে দিয়েছেন।তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন কোনো মন্তব্য নয়। আমরা অবশ্যই একে ভিন্নভাবে দেখি।
এই সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ‘ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করা’ জরুরি।
৭ অক্টোবর শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৬২ হাজার ফিলিস্তিনি।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














