গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-২১ ১১:০৫:৩৭
গাইবান্ধায় লালমনিরহাট-সান্তাহারগামী ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের ধাক্কায় রশিদা বেগম শুকনি (৭৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রশিদা বেগম গাইবান্ধা পৌরসভার মোজাহার আলীর স্ত্রী ও থানাপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রশিদা বেগম নাতি, মেয়ে ও জামাইসহ গাইবান্ধা রেল স্টেশনের (স্টেডিয়াম সংলগ্ন) আউট সিগনালের পাশেই রেললাইনের পাশে ঘর তুলে বসবাস করছিলেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রশিদা তার ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর উঠছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রশিদা। এতে তার বামপাশের চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং মেরুদণ্ড ভেঙে যায়।
পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় রশিদা বেগমকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
রবিবার (২১ জানুয়ারি) গাইবান্ধা পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রকিবুল হাসান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













