সারাদেশের মোট ভোটার সংখ্যা জানালেন ইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২১ ১৩:৫৫:৪৮
দেশে মোট ভোটার সংখ্যা কত তা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে।
রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।
অশোক কুমার দেবনাথ বলেন, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন। বাড়ি বাড়ি ভোটার তালিকা সংগ্রহ না করায় কমেছে নারী ভোটার। তবে যখন বাড়ি বাড়ি ভোটার সংখ্যা সংগ্রহ করা হবে তখন নারী ভোটার বাড়বে।
তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














