বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি, হাসপাতালের পরিচালকসহ আটক ৩
প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২১ ২০:২৭:৪৯
রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হলিক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতি মায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- হলিক্রিসেন্ট হাসপাতালের পরিচালক ও নগরীর কামারপাড়া এলাকার মৃত নজির উদ্দিন সরকারের ছেলে এমএস রহমান রনি (৫৮), শিশুটির ক্রেতা মধ্য পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন (৩০) ও রুবেলের স্ত্রী জেরিনা আক্তার বিথী (৩০)।
রোববার (২১ জানুয়ারি) বিকালে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সকালে হলিক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থতার অযুহাত ও রোগীর পরিবারের অসহায়ত্বকে কাজে লাগিয়ে নবজাতক ছেলে শিশুটির বিক্রির এ ঘটনা ঘটে।
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, গত ১৩ জানুয়ারি শনিবার নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন শাপলা রোডস্থ হলিক্রিসেন্ট হাসপাতালেল ২০২নং রুমে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ভুরারঘাট এলাকার লাবনী আক্তার (২২)। সেখানে একই দিন রাতে সিজারের মাধ্যমে একটি নবাজাতক শিশুর (ছেলে) জন্ম দেন তিনি। এর চারদিন পর ১৭ জানুয়ারি ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতি মায়ের অগোচরে সদ্যোজাত শিশুকে বিক্রির উদ্যোগ নেন হাসপাতালের পরিচালক। শিশুটির বাবা ওয়াসিম আকরামের সহায়তায় হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তীতে প্রসূতি লাবনী আক্তার কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করে রবিবার (২১ জানুয়ারি) নগরীর মধ্য পীরজাবাদ এলাকা থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে এ ঘটনার সাথে জড়িত এমএস রহমান রনি, রুবেল হোসেন রতন, জেরিনা আক্তার বিথীকে আটক করে। ওই প্রসূতি মা আটকদের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













