রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে হামলায় নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২২ ১০:৫৩:০৬
ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ভয়াবহ হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে গোলাবর্ষণ ও হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের মস্কো-নিযুক্ত নেতা ডেনিস পুশিলিন। শহরের একটি ব্যস্ত বাজারে হওয়ায় এই হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তিনি বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অবশ্য এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন ডেনিস পুশিলিন। তবে ওই অঞ্চলে কর্মরত ইউক্রেনের সেনাবাহিনীর একটি দল বলেছে, তারা এই হামলা চালায়নি।
ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর অংশ তাভরিয়া ইউনিট বলেছে, তাদের বাহিনী এই যুদ্ধ অভিযানে জড়িত ছিল না। এতে আরও বলা হয়েছে: ‘দোনেৎস্ক ইউক্রেনের! ইউক্রেনীয়দের প্রাণহানির জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে।’
তাৎক্ষণিকভাবে হামলাস্থলের চারপাশের পরিস্থিতি যাচাই করতে সক্ষম হয়নি বিবিসি নিউজ।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে রাশিয়ার শান্তিপূর্ণ জনগণের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। তারা বলেছে, পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে এই হামলা করা হয়েছে।
দোনেৎস্ক শহর ও পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলের কিছু অংশ প্রথমবার ২০১৪ সালে রাশিয়ান-সমর্থিত বাহিনী দখল করে নিয়েছিল এবং তখন থেকেই এলাকাটি আংশিকভাবে মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর প্রায় দুই বছর হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেখানে সামান্য অগ্রগতি অর্জন করেছে রাশিয়া।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














