সন্ধ্যায় আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২২ ১১:১৭:০৫


প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক। এতে সদ্যসমাপ্ত নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা, উপজেলা পরিষদ নির্বাচন, সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের নির্বাচন, বিএনপি ও তার মিত্রদের আন্দোলন মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে দেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়েও আলোচনা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে দলের কার্যনির্বাহী সংসদের সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

এনজে