গাজীপুরে কারখানা শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২২ ১১:৪৪:০৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা প্রতিষ্ঠানটির গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় কারখানার ভেতরে অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাইরে অবস্থান করা শ্রমিকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বাইরের শ্রমিক ও কারখানার ভেতরের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













