আজ নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২২ ১২:০৫:১৪


চলতি শীতের মৌসুমে তীব্র শীতের প্রকোপে কাঁপছে গোটা দেশ। আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।

এ বিষয়ে বদলগাছী আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, সকাল ৭টায় দেশের  সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। গতকাল বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, বদলগাছী ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা- এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় পাশের বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়।

এদিকে, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে জয়পুরহাটে। কনকনে ঠান্ডায় শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। স্কুলগামী শিশু শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অধিকাংশ স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এ জন্য রবি ও সোমবার স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়েছে।

এনজে