মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০১-২২ ১৩:২৮:০৫
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ আছেন।
রোববার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে ভোলা ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন।
নিখোঁজ দুজন হলেন— বাবা রাজ্জাক সরদার, ছেলে পারভেজ সরদার।
বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে ট্রলারটি ভাঙ্গারি মাল নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি অন্য জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সবাই মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছেন তিনি।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













