তাপমাত্রা বাড়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৪-০১-২৩ ১৩:৩১:২০
দেশজুড়ে চলছে হাড় কাঁপানো শীত, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। এমন পরিস্থিতির মধ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়াবিদরা বলেছেন, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে। সেই সঙ্গে আগামী বুধ (২৪ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) পুরো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ শ্রীমঙ্গল, কুমিল্লা, ভোলা, বরিশাল জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতেই খুলনার সাতক্ষীরার দিকে হালকা বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দিকে এবং ঢাকা বিভাগের দক্ষিণাংশের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে বৃষ্টি কেটে যেতে পারে তবে কিছু কিছু জায়গায় কুয়াশা পড়বে। আবার কিছু কিছু জায়গায় রোদ থাকবে। দেশের উত্তরাঞ্চল আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে দেশের পূর্বাংশের কুমিল্লা নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটের দিকে কুয়াশা রয়েছে। আগামী দিনগুলোতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কুয়াশা থাকবে, আবার বিভিন্ন জায়গায় আকাশ পরিষ্কার থাকতে পারে।
এর আগে গতকাল সোমবার (২২ জানুয়ারি) দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রথম দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














