মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৩ ১৬:০৩:৪৯
হবিগঞ্জের বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ফয়সল মিয়া (২০) নামে আরো এক যুবক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেবুল মিয়া তারাপাশা গ্রামের ছোট্ট মিয়ার পুত্র। সে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সল মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













