টঙ্গীতে সড়কে প্রতিবন্ধী পোশাক শ্রমিক নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৪ ০৯:৪১:১৪
গাজীপুরের টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় আতিকুর রহমান (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত পোশাক শ্রমিক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গাইবান্ধা জেলার টেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আতিকুর রহমান গাজীপুর এলাকার ইস্টার্ন টেক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
এ বিষয়ে পুলিশ জানায়, কারখানা ছুটি হওয়ার পর সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন আতিকুর রহমান। ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানার কয়েকশ শ্রমিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ট্রাফিক পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













