আরও এক মামলায় আমীর খসরুর জামিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১৪:১৫:০৩


রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার আরো এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুই মামলায় জামিন চেয়ে শুনানি করেন আমীর খসরুর আইনজীবীরা। শুনানি শেষে পল্টন থানার নাশকতার এক মামলায় তার জামিন মঞ্জুর করেন বিচারক এবং রমনা থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন শুনানি শেষে আদেশ পরে দিবেন বলে জানান আদালত।

এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে আমীর খসরুর বিরুদ্ধে হওয়া ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন তিনি। ফলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাটিতে জামিন পেলেই আমীর খসরু মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

গত ১৮ জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আমীর খসরুকে চার মামলায় ও ২১ জানুয়ারি আরও দুই মামলায় জামিন প্রদান করেন। এছাড়াও ১৭ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আমীর খসরুকে দুই মামলায় জামিন দেন।

এনজে