প্রতীক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১৪:৪৫:৪৪
৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৯ মার্চ একই দিনে ২৩৩টি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তবে জেলা পরিষদের ভোটের ক্ষেত্রে সময়সূচি কিছুটা ভিন্ন থাকবে। অন্যদিকে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ভোট হবে ব্যালটে।
এ সময় জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে আগামী ৯ মার্চ সাধারণ ও উপ-নির্বাচন মিলিয়ে ২২৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশন একটি, সিটি করপোরেশনের শূন্যপদে চারটি, পৌরসভার সাধারণ পদে তিনটি, পৌরসভার শূন্যপদে উপ-নির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি এবং ১৯০টি বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচন, জেলা পরিষদের শূন্যপদে নির্বাচন ৭টি- সবমিলিয়ে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














