দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে: খাদ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৭ ১৫:০৭:১৯


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০২৪ সালের নির্বাচন ছিল উন্নয়নকে বেছে নেওয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। তিনি বলেন, জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে।

শনিবার (২৭ জনুয়ারি) দুপুরে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালবেসেছি, মানুষের ভালবাসাও পেয়েছি।

সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেন তিনি। বলেন, দেশি বিদেশী ষড়যন্ত্র নির্বাচনের আগে থেকেই ছিল। দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনো চলছে। সাধন চন্দ্র মজুমদার বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সব অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন। পরে খাদ্যমন্ত্রী কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় ভর্তূকি প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

এনজে