সস্ত্রীক মরক্কো সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৭ ১৯:৩১:১৫


বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সরকারি সফরে মরক্কো গেছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন তার স্ত্রীসহ আরও দুইজন।

রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহ্-এর আমন্ত্রনে সরকারি সফরে শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা ত্যাগ করেন শেখ আব্দুল হান্নান।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর জেনারেল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুল সহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও রয়্যাল মরক্কো বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সফর শেষে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

এএ