আপিলে জামিন পেলেন নোবেলজয়ী ড. ইউনূস
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-২৮ ১৩:১৪:৩৩
শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল করে জামিন পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ আরও ৪ জন। এছাড়া, শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন আদালত।
রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনাল হাজির হয়ে সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেন তারা। একই সঙ্গে জামিন আবেদনও করা হয়।
শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল তাদের জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের এক মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।
দণ্ডিত অপর ৩ আসামি হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত বছর ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














