আজ বিএনপির কালো পতাকা মিছিল ও আ.লীগের শান্তি সমাবেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-৩০ ১১:০৭:১১
৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনের পর আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই সারাদেশে মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল বিএনপি। ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ ‘কালো পতাকা’ মিছিল করবে বিরোধী দলটি। একই কর্মসূচি পালন করবে সমমনা অন্যান্য দল ও জোট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করবে এসব দল ও জোট।
আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি হিসেবে সারাদেশে ‘শান্তি ও গণতন্ত্র সমাবেশ’ করবে। বিএনপির কালো পতাকার বিপরীতে এ সময় তারা ‘লাল-সবুজের জাতীয় পতাকা’ বহন করবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এই শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।
আজ বিকেল ৩টায় বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন বর্জন করে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো। নির্বাচনকে ‘একতরফা’ আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিএনপি।
ঢাকাসহ সারাদেশের প্রতিটি ইউনিটের নেতাকর্মী-সমর্থক এ কর্মসূচি একযোগে পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে সাতটি স্থানে এ কর্মসূচি আয়োজনে প্রশাসনকে অবহিত করে এরই মধ্যে চিঠি দিয়েছে দলটি। এসব মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা অংশ নেবেন।
বিএনপি ও তার মিত্রদের কালো পতাকা মিছিল কর্মসূচির দিনে আজ শান্তি সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। একই সঙ্গে কালো পতাকা মিছিল ঘিরে সম্ভাব্য সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সারাদেশের রাজপথে সতর্ক অবস্থানে থাকবে সরকারি দল সমর্থক নেতাকর্মী।
গত শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মী লাল-সবুজের পতাকা নিয়ে সারাদেশের মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র সমাবেশে যোগ দেবে। সেই সঙ্গে রাজপথে সতর্ক অবস্থানে থাকবে তারা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














