আবারও স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-৩০ ১৫:৫৬:৪৫


দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে সংসদ শুরু হওয়ার পর ডেপুটি স্পিকার শামসুল হক হাউজে তা উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিষয়টি পাস। এরপরে সংসদে বিরতি ঘোষণা করা হয়।

এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন এমপিরা।

২০১৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর স্পিকারের পদটি শূন্য হয়। এরপর সংরক্ষিত সংসদ সদস্য এবং তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন। ২৪ জানুয়ারি ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপর দশম সংসদে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে শিরীন শারমিনকে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করা হয়। পরে একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে তৃতীয়বারের মতো শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

এম জি