সাংবাদিক হত্যায় বাবা-ছেলের ফাঁসি
প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১৩:১৫:২৬
বরিশালের মুলাদী উপজেলার সাংবাদিক মনির হত্যা মামলায় ফাঁসির দড়িতে ঝুলিয়ে বাবা ও ছেলের মৃতুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে ভারপ্রাপ্ত বিচারক সুদিপ্ত দাস এ নির্দেশ দেন।
মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- আলাউদ্দিন রাড়ি ও রাসেল রাড়ি। একই মামলায় সোহাগ নামের অপর আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।
বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল বলেন, বরিশালের মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা দলিল উদ্দিন মাস্টার ও পার্শ্ববর্তী আনোয়ারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ দ্বন্দ্বের জেরে এ দুই বাড়ির চলাচলের একমাত্র রাস্তার উপর সিমানা প্রাচির নির্মাণ করা হয়। এতে চলাচলে ব্যাহত পরিবার অভিযোগ দেয় মুলাদী প্রেসক্লাবের তৎকালিন সভাপতি সাংবাদিক মনির হোসেনের কাছে।
২০১০ সালের ২১ ডিসেম্বর বিকালে ঘটনাস্থলে গিয়ে মনির উভয়পক্ষের সঙ্গে কথা বলে মিমাংসা করার জন্য উভয়কে তাগিদ দেন। এ সময় মনির ওই সিমানা প্রাচির ভেঙ্গে চলাচলের রাস্তার ছেড়ে দিয়ে প্রাচির নির্মার্ণের জন্য বলেন।
এ নিয়ে মনির হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় আসামিদের। এক পর্যায় আসামি রাসেল কোদাল দিয়ে কুপিয়ে মনির হোসেনকে জখম করে। এরপর স্থানীয়রা মনির হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে কাওরাকান্দি এলাকায় মারা যান সাংবাদিক মনির হোসেন।
এ ঘটনায় সাংবাদিক মনির হোসেনের ভাই জসিম উদ্দিন ওরফে খোকা রাড়ি বাদী হয়ে আলাউদ্দিন, রাসেল, সোহাগ, আলেয়া বেগম ও মোতালেব রাড়ির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













