নড়াইলে জোড়া খুনে ২৩ জনের যাবজ্জীবন

প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১৭:২৪:৪৫


Adalotনড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট বাজারে দুই বন্ধু- মো. শাহীন ও আনোয়ারুল আজাদ লিচু খুনের মামলায় ২০ বছর পর ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবুল বাসার মুন্সী এ দণ্ডাদেশ দেন।

জেলা জজ আদালতের পিপি ইমদাদুল ইসলাম জানান, ১৯৯৫ সালের ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দুই বন্ধু খুলনা শহরের দৌলতপুর এলাকার মো. শাহিন (৩২) ও তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের আনোয়ারুল আজাদ লিচু (৩৪) কালিয়ার গাজীরহাট বাজার এলাকায় নিজেদের মাছের ঘের দেখতে গেলে তাদের কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রয়াত বিএনপি নেতা আকবর হোসেন মোল্যার সঙ্গে যুবলীগ নেতা ওই দুই বন্ধুর রাজনৈতিকভাবে পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

এ ঘটনায় পরের দিন আকবর হোসেনসহ ২৯ জনকে আসামি করে দিঘলিয়া থানায় মামলা করেন লিচুর ভাই এসএম আনোয়ারুল বাসার।

১৫ এপ্রিল প্রথমে খুলনার দিঘলিয়া থানায় মামলা হলেও ঘটনাস্থল কালিয়া থানায় হওয়ায় ওই বছরের ১০ সেপ্টেম্বর মামলাটি স্থানান্তরিত হয়।

তদন্ত করে পুলিশ ২৯ জনের নামেই আদালতে অভিযোগপত্র দেয়। তবে মামলার প্রধান আসামি আকবর হোসেনসহ অন্য ছয়জন আগেই মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ১৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক।