এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০২-২২ ২১:৪৭:০৬
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীসহ ৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর সামনে থাকা বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এসময় বেশ কয়েকজন হতাহত হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













