অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৩-০২ ১৬:৫০:৪৭
গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে ওই উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ি এলাকায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, জয়পুর হাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪৫), দিনাজপুরের শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলাম (২৮) এবং একই এলাকার সাইদুর রহমান বিশু। তারা সবাই পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত ২ জনের লাশ টাঙ্গাইলের মির্জাপুর্ কুমুদিনী হাসপাতালে এবং একজনের লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
ওই বাসার ভাড়াটিয়া ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ তারা অসুস্থ হয়ে যায়। মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, তারা সবাই মদ খেয়ে অসুস্থ হয়ে যায়। সাইদুল ইসলাম বিশু বাসা বাড়িতে মারা গেলে রাতেই গ্রামের বাড়ি নিয়ে যায় এবং বাকি দুজনকে রাতে মির্জাপুর কুমুদিনী হাসাপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, দুইজনই এখানে আসার আগেই মারা গিয়েছিল। তাদের জরুরি বিভাগে আনার পরে মৃত ঘোষণা করা হয়। আরেকজন ভর্তি হয়েছিল কিন্তু ভর্তি হওয়ার এক দেড় ঘণ্টা পর মারা যায়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, কুমুদিনী হাসপাতালে ২ জনের মরদেহ রয়েছে। মির্জাপুর থানাকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। স্থানীয়রা বলছেন মদ পানে তারা মারা গেছে। বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













