বোতলজাত তেল দাম বেড়েছে
আপডেট: ২০১৬-০৮-০৬ ১১:০৭:১৩
রাজধানীর বাজারে হঠাৎ দাম বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। গত কয়েক দিনে ব্যবসায়ীরা পণ্যটির দাম বাড়িয়েছেন লিটারে ৫ টাকা। তবে মিল মালিকদের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও রাজধানীর মৌলভীবাজারে পণ্যটি বর্ধিত দামে বিক্রি হচ্ছে বলে নিশ্চিত করেছেন পাইকারি ব্যবসায়ীরা।
রাজধানীর মৌলভীবাজারের ভোজ্যতেলের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, দুদিন আগেও এখানে সিটি গ্রুপের মালিকানাধীন তীর মার্কা সয়াবিন তেলের দাম ছিল প্রতি আট লিটারে ৬৭৫ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। একইভাবে ৫ লিটারের ক্যানের মূল্য ছিল ৪২৫ টাকা। বর্তমানে এর মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ টাকা। কোথাও কোথাও এ পরিমাণ তেল ৪৫০ টাকায়ও বিক্রি হয়েছে। অন্যদিকে এক লিটারের বোতলের দাম ৯০-৯৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২-৯৬ টাকায়। এছাড়া প্রতি টিন (১৬ লিটারের) তেলের দাম ছিল ১ হাজার ৪০০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪৭০ টাকা দরে। অর্থাত্ টিনজাত তেলের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৮৮ পয়সায়। সেক্ষেত্রে টিনজাত তেলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৩৮ পয়সা।
মৌলভীবাজারের মেসার্স শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, গত সপ্তাহে কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে লিটারে ২ টাকা। কিন্তু বাজারে এর প্রভাব পড়েছিল সামান্যই। সম্প্রতি বাজারে পণ্যটির দাম লিটারে আরো ৩ টাকা বাড়ানোর গুজব ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের অনেকেই বর্ধিত দামে তেল বিক্রি শুরু করেন।
এদিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানোর কথা স্বীকার করেছে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি লিমিটেডের পরিবেশক পুরান ঢাকার মৌলভীবাজারের মেসার্স জব্বার স্টোর। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল জব্বার বণিক বার্তাকে বলেন, মিল মালিকরা দাম বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়ার কথা থাকলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে টিনজাত তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর কথা স্বীকার করেছেন আবদুল জব্বার।
অন্যদিকে সিটি গ্রুপের পক্ষ থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর কথা অস্বীকার করা হয়েছে। এ নিয়ে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর তথ্য সঠিক নয়।
ইনডেক্স মুন্ডি ডটকম সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ-এপ্রিলে সয়াবিন তেলের দাম জানুয়ারি-ফেব্রুয়ারির তুলনায় টনে ৫৮ ডলার বেড়ে যায়। পরবর্তীতে মে-জুনে পণ্যটির দরপতনের পরিমাণ দাঁড়ায় ৫০-৫৩ ডলারে।
ইনডেক্স মুন্ডির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রতি টন সয়াবিন তেল বিক্রি হয়েছিল ৬৫৯ ডলারে। এর পর ফেব্রুয়ারিতে ৬৮৬ ডলার, মার্চে ৭১৩, এপ্রিলে ৭৪৮, মে মাসে ৭০৭ ও জুনে ৭০৩ ডলার গড় মূল্যে সয়াবিন তেল কেনাবেচা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা রয়েছে ১৫ লাখ টন। এ বছর এখন পর্যন্ত পণ্যটি উত্পাদন হয়েছে প্রায় আড়াই লাখ টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে দেশে ভোজ্যতেল (পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেল) আমদানি করা হয়েছিল ১৯ লাখ ১৯ হাজার টন। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের ১৬ মার্চ পর্যন্ত এ আমদানির পরিমাণ ছিল ১৭ লাখ ১ হাজার টন। মন্ত্রণালয়ের মে মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে খুচরায় প্রতি লিটার সয়াবিন তেল ৭৯-৮৪ টাকা, বোতলজাত ৯০-৯৫ টাকা ও খোলা পাম তেল ৬৪-৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














