সুপ্রিম কোর্ট বারে মারামারি

হাইকোর্টে ব্যারিস্টার কাজলের জামিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২০ ১৪:৪২:০৮


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২০ মার্চ) হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত সোমবার (১৮ মার্চ) ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোরশেদ আলমের আদালতে কাজলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

এর আগে ১০ মার্চ তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে রিমান্ড শেষে গত ১৪ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেক ৪০ জনের বিরুদ্ধে গত ৮ মার্চ শাহবাগ থানায় মামলা করা হয়। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে এবং দুই নম্বর আসামি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এম জি