ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০২ ১০:২৮:৫৩
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের দিন ধার্য রয়েছে আজ (২ এপ্রিল)।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে এ চার্জশিট গ্রহণের শুনানি হবে। এ মামলায় হাজিরা দিতে এবং জামিনের মেয়াদ বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন নোবেল বিজয়ী ড. ইউনূস।
তার আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সকাল ১০টার পর দুদকের মামলায় হাজিরা দিতে ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে যাবেন ড. ইউনূস।
এর আগে ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ড. ইউনূস। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি এ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
চার্জশিটভূক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী, জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।
উল্লেখ্য, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলা করেন। গত ৩ মার্চ এ মামলায় আত্মসমর্পণ করে জামিন পান ড. মুহাম্মদ ইউনূস।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













