ব্রাজিলের বাজারে আরও প্রবেশাধিকার চায় বাংলাদেশ: বাণিজ্য প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০৮ ২০:৪৪:৫৪


ব্রাজিলের বাজারে বাংলাদেশ আরও প্রবেশাধিকার চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহজীকরণের জন্য মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আরও বেশি রফতানি ও আমদানি করতে চাই। ব্রাজিলের বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ।

ব্রাজিলের কটন, সয়াবিন ও চিনির জন্য আলাদা ওয়্যারহাউজ তৈরি করে দেয়া হবে জানিয়ে আহসানুল ইসলাম বলেন, ব্রাজিল যাতে আমাদের দেশে পণ্য রেখে অন্য দেশে রফতানি করতে পারে সেই ব্যবস্থা করবো।

এ সময় দুদেশের বাণিজ্যে ভারসাম্য আনার আহ্বানও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এজন্য সহজে ব্রাজিলে প্রবেশাধিকার চায় বাংলাদেশ।

একই অনুষ্ঠানে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, বাংলদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে অংশীদার হতে চায় ব্রাজিল।

তিনি আরও বলেন, আমাদের বাজারে পোশাক খাত ও ওষুধ শিল্পে বাংলাদেশের রফতানি বাড়ানোর বেশ ভালো সুযোগ রয়েছে। তবে বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের বেসরকারিখাতকেই এগিয়ে আসতে হবে।

দেশটির সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় বলেও জানিয়েছেন মাউরো ভিয়েরা।

এএ