মঙ্গলবার শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-১৫ ১২:৪৯:১২
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিন চাইবেন।
সোমবার (১৫ এপ্রিল) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী বলেন, আগামীকাল সকাল দশটার দিকে ড. ইউনূস সাহেব আদালতে হাজির হবেন। স্থায়ী জামিন চাইবেন।
ওইদিন সাজার বিরুদ্ধে ড. ইউনূসের আপিল শুনানি হবে শ্রম আপিল ট্রাইব্যুনালে।
এর আগে গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ছয় মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













